বগুড়ায় ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে মাদক বহনের অভিযোগে দুইজনকে ৭৮ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্ক্যাফসহ আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। একই সাথে পৃথক দুটি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৫ অক্টোবর) এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৪ অক্টোবর) বিকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটে বগুড়ার কাহালু থানার বীরকেদার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকার যাত্রীছাউনির সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর সদস্যরা।
চেকপোস্টে লাল রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এলে তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ব্যস্ততা দেখানোর চেষ্টা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য রয়েছে বলে তারা স্বীকার করেন বলে দাবি করেছে এসআরবি।
পরে ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে মো. মিজানুর রহমান (৩৪) ও মো. রকি সরকার (৩৫) নামের দুইজনকে ৭৮ বোতল ‘ESkuf’সহ আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড, একটি পুরোনো নষ্ট ক্যামেরা, একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
আটক দুজন ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া সদর ও গাবতলী এলাকা থেকে পৃথক দুটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১২।
এসআরবি জানায়, বগুড়া সদর থানাধীন নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় একটি হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি মো. মারুফ ওরফে সারকো ওরফে আসাদুজ্জামান মারুফ (২১) অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নিশিন্দারা মণ্ডলপাড়ায় রেজা হাসানের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মারুফ নিশিন্দারা এলাকার বাসিন্দা। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর একটি অভিযানে বগুড়ার গাবতলী থানার রামেশ্বরপুর এলাকার মধ্য তেজোপাতা গ্রামে অভিযান চালিয়ে আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. আব্দুল কুদ্দুসকে (৩৬) গ্রেফতার করা হয়।
এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে পাপুল মণ্ডলের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কুদ্দুস বগুড়া সদর থানার পাঁচবাড়ীয়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৩ জুলাই রাত আনুমানিক ২টার দিকে আতিকুর রহমান সাগরকে তার শ্বশুর মো. রবিউল ইসলাম বোবলার বাড়ির গলিতে পথরোধ করে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কুদ্দুসকে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার কুদ্দুসের বিরুদ্ধেও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


