রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে সংগঠনের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্ত করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও মামলা করার আশ্বাস দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে মামলা করার আশ্বাস পাওয়ার পর আপাতত কর্মসূচি থেকে সরে এসেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। তবে হামলাকারীদের গ্রেফতার, অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ বিভিন্ন দাবিতে অনড় রয়েছেন তারা।
উল্লেখ্য, রবিবার রাতে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।


