বরিশালের বাকেরগঞ্জে বিয়ে ছাড়াই অন্যের স্ত্রীর সাথে প্রায় সাত মাস ধরে বসবাসের অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। স্থানীয় লোকজন ও ওই ইমামের প্রথম স্ত্রীর স্বজনরা তাকে ও ওই নারীকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে দুজনকেই নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আব্দুল্লাহ তুহিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্দুল কাশেমের ছেলে। তিনি দাড়িয়াল ইউনিয়নের বাংলাবাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তুহিনের সাথে পাশের গ্রামের এক নারীর বিয়ে হয়। পরে পটুয়াখালীর মজিদপুর গ্রামের একটি মসজিদে ইমামতির সময় ওই মসজিদের পাশের বাড়ির এক বিবাহিত নারীর সাথে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে ওই নারী স্বামী-সংসার ছেড়ে তুহিনের সাথে চলে যান বলে স্থানীয়রা জানান।
সূত্র আরও জানায়, প্রায় সাত মাস আগে তুহিন ও ওই নারী বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে এসে বসবাস শুরু করেন। বাংলাবাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নেওয়ার পর মসজিদের পাশেই একটি বাসা ভাড়া নিয়ে ওই নারীকে সাথে নিয়ে বসবাস করছিলেন তুহিন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ তুহিনের বক্তব্য পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। কারও কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে দুজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


