সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির জানালা খোলা থাকায় এক ছিনতাইকারী মুহূর্তের মধ্যে তার ফোনটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার কথা জানিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আসিফ নজরুল।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’
ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।’
ঘটনার বিস্তারিত জানিয়ে আসিফ নজরুল একটি গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। পথে প্রচণ্ড যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনে খুদে বার্তা দেখছিলেন তিনি।
গাড়িটি পুরনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক যুবক ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে গাড়ি থেকে নেমে তাকে ধরার চেষ্টা করলেও ওই যুবক দৌড়ে পালিয়ে যায়।
আসিফ নজরুল বলেন, ‘আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে। ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস, ফোনটি উদ্ধার করা যাবে।’

