...|...|...

বিশ্ব

আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ জুন ২০২৬, দুপুর ১:৫৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩২
Shares
আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব ছিল- এমন অভিযোগ নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেছেন, তিনি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না। খবর আল-জাজিরার।

বুধবার (৩ জুন) প্রকাশিত পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না বলেই তিনি নিজ উদ্যোগে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, যুদ্ধ শুরু করেছি আমি নিজেই। কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না। 

এ ধরনের অভিযোগকে রাজনৈতিক প্রতিপক্ষদের প্রচারণা বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, ওরা শুধু ডেমোক্র্যাটরা। তারা নিজেরাই জানে না তারা কী করছে।

ট্রাম্প আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার উদ্বেগ নতুন নয়। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, এটি ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্কিত, কারণ সম্ভবত তারাই প্রথম আঘাতের শিকার হতো। আর আমি না থাকলে আজ ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই থাকত না।