...|...|...

বিশ্ব

আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫২
Shares
আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। প্রায় তিন মাস ধরে চলা তুলনামূলক শান্ত অবস্থার অবসান ঘটিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

তিনি জানান, বিমান হামলায় কুনার ও হেলমান্দ প্রদেশে তিনটি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন।

এই হামলাকে তীব্র নিন্দা জানিয়ে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা সমস্ত স্বীকৃত নীতি লঙ্ঘন করে সংঘটিত এই আগ্রাসন ও অপরাধের তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে মন্তব্যের জন্য পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

একসময়ের মিত্র হলেও বর্তমানে বৈরী সম্পর্কে জড়িয়ে পড়া পাকিস্তান ও আফগানিস্তান দীর্ঘদিন ধরে উগ্রপন্থা বা জঙ্গিবাদ ইস্যু নিয়ে দ্বন্দ্বের মধ্যে রয়েছে। ইসলামাবাদের অভিযোগ, কাবুল এমন মিলিশিয়া বা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালায়। তবে তালেবান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং দাবি করে আসছে যে, জঙ্গিবাদ সম্পূর্ণভাবে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।