যুদ্ধাপরাধের তদন্তে বাধা দেওয়ার প্রচেষ্টার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় দেশ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অন্যান্য সদস্যদেশের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভ্যান হোলেন বলেন, আইসিসিকে দুর্বল করার চেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের বিরুদ্ধে আদালটির সদস্য ও মিত্র দেশগুলোর ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি লেখেন, ‘ইউরোপীয় দেশ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের অন্যান্য স্বাক্ষরকারী দেশের যদি ন্যূনতম আত্মসম্মানবোধ থাকে, তবে নেতানিয়াহুর যুদ্ধাপরাধের তদন্তে বাধা দেওয়ার জন্য তারা রুবিও ও ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।’
ভ্যান হোলেনের এই মন্তব্যের আগে খবর প্রকাশ হয়, আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা থেকে আইসিসিকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে আদালটির বিরুদ্ধে ব্যাপক আর্থিক বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস।
আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। ফলে আদালটির কার্যক্রমকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আইসিসির সদস্যদেশগুলোর সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।


