...|...|...

সারাদেশ

অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে ডাকাতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৬
Shares
অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে ডাকাতি

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহর বাড়ি। ছবি: টাইমস টুডে

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতেরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন, কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এর মনিটর ও হার্ডডিস্কও খুলে নিয়ে যায় তারা।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি ও শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাকে ও পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

তিনি আরও জানান, লুট হওয়া মালামালের মধ্যে স্বর্ণালংকার, মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটারের মনিটর, সিপিইউসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।