ছাত্রদের টিফিন রান্নার কাজে লাকড়ি হিসেবে ব্যবহারের জন্য বিদ্যালয়ের চত্বরে সড়কের দুই পাশে লাগানো পুরোনো বকুল গাছের ডালপালা কাটার অভিযোগ উঠেছে। জামালপুর সদরের নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ ফারুকের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
শনিবার (১০ অক্টোবর) সকলে সরেজমিনে দেখা গেছে সদর উপজেলার নান্দিনা বকুতলায় নতুন পুরোনো ৮-১০ টি গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে।
শুক্রবার সারাদিন এসব গাছগুলো কাটা হয় বলে জানিয়েছে স্থানীয়রা। শুক্রবার কিছু কটা ডাল সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় হাবিব নামে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বলেন, এর আগে কোনদিনই কোন কারণে বকুল গাছ কাটতে দেখিনি। ঝড়ে কোন গাছ উপড়ে না পরলে কেউ কোনদিন কোন গাছ কাটেনি। হঠাৎ করেই বকুল গাছের বড় বড় ডালপালা কেটে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এতে আমরা আশ্চর্য হয়েছি।
লাকড়ি হিসেবে ব্যবহারের জন্য বকুল গাছ কাটার অভিযোগ স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আশরাফ ফারুক বলেন, কোন গাছ কাটা হয়নি, কিছু ডাল কাটা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রদের টিফিন রান্নার কাজে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে ওগুলো।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’


