অস্ট্রেলিয়ার নিউক্যাসলে রাগবি দলের গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে জড়ো হওয়া উল্লাসিত জনতার ভিড়ের মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে অন্তত ৯ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চালককে গ্রেফতার করেছে।
শনিবার (৩ অক্টোবর) সিডনি থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) উত্তরে নিউক্যাসলের ওয়ালস্যান্ড উপশহরে এই দুর্ঘটনা ঘটে।
রয়টার্স জানিয়েছে, অস্ট্রেলিয়ার জাতীয় রাগবি লিগের গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে সিডনির উদ্দেশে রওয়ানা হওয়া ‘নিউক্যাসেল নাইটস’ রাগবি লিগ দলকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে হাজারো ভক্ত জড়ো হয়েছিলেন, ঠিক সে সময়ই এই দুর্ঘটনা ঘটে।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউক্যাসলের মেয়র গ্যাভিন মরিস টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, মনে হচ্ছে চালক গাড়িটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি বলেন, দেখে মনে হচ্ছে সে গাড়িটির ইঞ্জিনের গতি বা এক্সিলারেটর জোরেশোরে বাড়িয়ে দিচ্ছিল।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, এই ঘটনার সাথে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই।


