...|...|...

বিশ্ব

ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:১০ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৭
Shares
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান

ছবি: এআই

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তীব্র আক্রমণ প্রতিহত করতে সৌদি আরব নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছে অস্ত্রের চারটি কার্গো বিমান পাঠিয়েছে পাকিস্তান। এর মাধ্যমে ইসলামাবাদ এই সংঘাতে নিজেদের সম্পৃক্ততা আরও বাড়িয়ে দিল।

শুক্রবার (২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ইয়েমেনের বন্দরনগরী আদেনে বিমান প্রতিরক্ষাব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম), হালকা আর্টিলারি, ড্রোন এবং ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়েছে। এছাড়া ইয়েমেনি বাহিনীকে সহায়তা দিতে সৌদি সমকক্ষদের সাথে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও বর্তমানে মাঠে অবস্থান করছেন।

একাধিক পশ্চিমা ও আরব কর্মকর্তা ‘মিডল ইস্ট আই’-কে জানিয়েছেন, হুথিদের চলমান আক্রমণের মুখে সৌদি আরব একটি তীব্র সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। হুথিদের এই আক্রমণাত্মক অভিযানের ফলে তারা ইয়েমেনের লোহিত সাগরের সমগ্র উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে তাইজ শহরের আশপাশে তীব্র হামলার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার হুথিরা তাইজ সংলগ্ন সরকারি নিয়ন্ত্রিত এলাকাগুলোর সাথে আদেনকে সংযোগকারী একটি সেতু ধ্বংস করে দেয়। হুথিরা যদি ইয়েমেন সরকারের কাছ থেকে তাইজ দখল করতে সক্ষম হয়, তবে বন্দরনগরী আদেন উত্তর দিকের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সরকারের সাপ্লাই লাইন বা রসদ সরবরাহের পথ মারাত্মকভাবে ব্যাহত হবে।

এদিকে, হুথিদের লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। গত বৃহস্পতিবার হুথিরা জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় সৌদির পক্ষ থেকে ৯৪টি বিমান হামলা চালানো হয়েছে। সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সানায় একটি উচ্চমূল্যের লক্ষ্যবস্তুভিত্তিক অভিযান পরিচালনা করেছে এবং সাদায় ১১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এছাড়া সৌদির দাবি অনুযায়ী, তাইজে একটি ইন্টিগ্রেটেড মিলিটারি সিস্টেম বা সমন্বিত সামরিক ব্যবস্থাকে লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে।

অন্যদিকে হুথিরাও সৌদি আরবের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে, যার মধ্যে রিয়াদ বিমানবন্দরও অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি আরব গত বৃহস্পতিবার হুথিদের বিরুদ্ধে পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার অভিযোগ তুলেছে। ইয়েমেনে কর্মরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, একটি ড্রোন রাসুলুল্লাহ (সা.)-এর মসজিদ বা মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী ‘তাইবা’ বিদ্যুৎ বিতরণ স্টেশনে আঘাত হেনেছে। তবে হুথিরা এই হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে।