...|...|...

সারাদেশ

গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিট, উদ্ধার ৬৯

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫৭ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৮
Shares
গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিট, উদ্ধার ৬৯

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকা পড়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, সাততলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ জনকে এ পর্যন্ত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে।