সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাফল্য না পেলেও জনপ্রিয়তা ও বাণিজ্যিক মূল্য—দুই ক্ষেত্রেই শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
সদ্য প্রকাশিত ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, বর্তমানে তিনিই ভারতের সবচেয়ে মূল্যবান অভিনেত্রী। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে তিনি স্বামী রণবীর কাপুরকেও ছাড়িয়ে গেছেন।
রিপোর্ট অনুযায়ী, আলিয়ার ব্র্যান্ড ভ্যালু ৯৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৯২ কোটি টাকা)। তিনি সামগ্রিক তালিকায় ষষ্ঠ এবং নারী তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন। অন্যদিকে রণবীর কাপুরের ব্র্যান্ড ভ্যালু ৮০ মিলিয়ন ডলার (প্রায় ৭৬১ কোটি টাকা), যা তাকে দশম স্থানে রেখেছে।
নারী তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন, যার ব্র্যান্ড ভ্যালু ৮৯ দশমিক ২ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা রশ্মিকা মন্দানার ব্র্যান্ড ভ্যালু ৭৫ দশমিক ২ মিলিয়ন ডলার।
এ ছাড়া তালিকায় কারিনা কাপুর খান রয়েছেন ১৫তম, কিয়ারা আদভানি ১৭তম, কৃতি শ্যানন ১৮তম, অনন্যা পাণ্ডে ১৯তম এবং জাহ্নবী কাপুর ২৩তম স্থানে।
রিপোর্টে বলা হয়েছে, এখন কোনো তারকার ব্র্যান্ড ভ্যালু শুধু সিনেমার সাফল্যের ওপর নির্ভর করে না। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, বড় ব্র্যান্ডের সাথে কাজ, আন্তর্জাতিক পরিচিতি এবং ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ, নিজস্ব উদ্যোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তাই আলিয়ার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৮ কোটিরও বেশি।


