...|...|...

জাতীয়

অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের বিরতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৩
Shares
অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের বিরতি

অক্টোবর মাসে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির দুই দিনের সঙ্গে ২২ অক্টোবর একদিনের ব্যক্তিগত ছুটি নিতে পারলেই এই দীর্ঘ বিরতি পাওয়া যাবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের দুর্গাপূজায় মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।

তবে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি অফিস-আদালতের স্বাভাবিক কার্যক্রম চলার কথা রয়েছে। এদিন কোনো কর্মী ব্যক্তিগত ছুটি নিতে পারলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।

সরকারি ছুটির এ হিসাব সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। স্কুল ও কলেজের দুর্গাপূজার ছুটি সংশ্লিষ্ট শিক্ষাপঞ্জি অনুযায়ী নির্ধারিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত একাডেমিক ক্যালেন্ডার অনুসারেই এসব প্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। প্রতিষ্ঠানভেদে একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটির সময় ভিন্ন হতে পারে।

সরকারি ছুটির দিনগুলোতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সাধারণত বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট শাখা বা বিশেষ ব্যাংকিং সেবা চালু রাখা হতে পারে।

এদিকে এটিএম, কার্ডভিত্তিক লেনদেন ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো সাধারণত ছুটির দিনেও চালু থাকে।

সরকারি ছুটি থাকলেও হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীদের দায়িত্ব পালন করতে হতে পারে।

এ ছাড়া গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদেরও প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী ছুটির দিনে দায়িত্ব পালন করতে হতে পারে।

ফলে সরকারি ক্যালেন্ডারে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি থাকলেও সবার ছুটির সময়সূচি এক হবে না। ২২ অক্টোবর ছুটি নিয়ে কোনো কর্মী টানা পাঁচ দিনের বিরতি পাবেন কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চাকরির ছুটির নীতিমালার ওপর।