সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রেক্ষাপটে আগামী ৮ নভেম্বর (রবিবার) সরকারি ছুটি কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর কোনো সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। দিনটি স্বাভাবিক কার্যদিবস হিসেবেই গণ্য হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ বা কালীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।
নিয়ম অনুযায়ী, সার্বজনীন কোনো সরকারি ছুটি না থাকলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। ফলে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা এবং ব্যবসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
তবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং পরদিন ৮ নভেম্বর (রবিবার) শ্যামাপূজার ছুটি রয়েছে।
এর আগের দিন ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় শুক্র থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিন সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটির সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে তাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডারের ওপর।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রবিবার (৮ নভেম্বর) উদযাপিত হবে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা। এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, শাঁখারীবাজার ও তাঁতীবাজারসহ দেশের বিভিন্ন মণ্ডপে পূজা ও আরাধনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

