...|...|...

জাতীয়

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দুই ঈদে কত দিনের ছুটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:২৯
Shares
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দুই ঈদে কত দিনের ছুটি

ছবি: সংগৃহীত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে। মন্ত্রিসভার অনুমোদনের পর বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের বছরের ধারাবাহিকতায় আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার মূল দিন সাধারণ ছুটি থাকবে। এর বাইরে ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। সব মিলিয়ে ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে ঈদুল আজহার আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিন সাধারণ ছুটি মিলিয়ে এ উৎসবে মোট ছয় দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

শারদীয় দুর্গাপূজার ক্ষেত্রেও থাকছে দুই দিনের ছুটি। নতুন তালিকা অনুযায়ী, বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

২০২৭ সালের ছুটির তালিকা অনুযায়ী, সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সব মিলিয়ে ছুটির সংখ্যা দাঁড়াবে ২৯ দিন। তবে এর মধ্যে সাত দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে। ফলে সাপ্তাহিক ছুটি বাদে কার্যকর সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন।