...|...|...

জাতীয়

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ১:৩১
Shares
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শেষভাগে টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন দেশের অধিকাংশ স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সাথে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং সনাতন ধর্মাবলম্বীদের ‘শ্যামাপূজা’র সরকারি ছুটি যুক্ত হওয়ায় এই টানা ছুটির মেলবন্ধন তৈরি হয়েছে।

ছুটির নির্ধারিত পঞ্জিকা অনুযায়ী, আগামী শুক্রবার (৬ নভেম্বর) নিয়মিত সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরদিন রবিবার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে শুক্র থেকে রবিবার—টানা তিন দিন শ্রেণিকক্ষের কার্যক্রম থেকে বিরতি পাচ্ছেন শিক্ষার্থীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল ও কলেজে শ্যামাপূজার ছুটি নির্ধারিত রয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও এই ছুটির আওতায় বন্ধ থাকবে।

তবে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই দীর্ঘ ছুটি প্রযোজ্য হচ্ছে না। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজার আলাদা ছুটির উল্লেখ নেই। অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় এ পূজার ছুটি না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা এই বাড়তি সুযোগ পাচ্ছে না।

উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজা। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পরম ভক্তিভরে দেবী কালীর পূজা ও আলোকের উৎসব দীপাবলি উদ্যাপন করা হয়।