হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘স্টার ওয়ার্স’, ‘জেমস বন্ড’ ও ‘ব্যাটম্যান’-এর বিভিন্ন সিনেমায় কাজ করা ব্রিটিশ অভিনেত্রী টিনা সিমন্স মারা গেছেন। গত ১৪ নভেম্বর নিজ বাসায় তার মরদেহ পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র ও টেলিভিশনের প্রায় তিন শতাধিক প্রযোজনায় কাজ করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্সের ১৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে টিনা সিমন্সের মৃত্যুর খবর জানানো হয়। তার মৃত্যুতে সহকর্মী ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিতজনেরা শোক প্রকাশ করেছেন।
দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেত্রী, সাবেক বন্ড গার্ল ম্যাডেলিন স্মিথ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে টিনাকে। ১৯৬৮ সাল থেকে তাদের বন্ধুত্ব ছিল বলে উল্লেখ করেন ম্যাডেলিন। দীর্ঘদিনের বন্ধুর এমন নিঃসঙ্গ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রীর একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানান, ব্রিটিশ ও আন্তর্জাতিক চলচ্চিত্র এবং টেলিভিশনে কয়েক দশকজুড়ে বিস্তৃত ক্যারিয়ারের জন্য টিনা সিমন্স স্মরণীয় হয়ে থাকবেন।
১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্টার ওয়ার্স: রিটার্ন অব দ্য জেডাই’ সিনেমায় বিদ্রোহী জোটের একজন কারিগরের ভূমিকায় অভিনয় করেন টিনা। এই চলচ্চিত্রে কাজ করার সুবাদে পরবর্তী সময়ে ‘স্টার ওয়ার্স’ ভক্তদের কাছেও পরিচিতি পান তিনি।
টিনার দীর্ঘ ক্যারিয়ারে জায়গা করে নিয়েছিল জেমস বন্ড সিরিজের একাধিক চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ‘অক্টোপাসি’, ‘আ ভিউ টু আ কিল’, ‘দ্য লিভিং ডেলাইটস’ ও ‘ডাই অ্যানাদার ডে’।
এ ছাড়া ‘সুপারম্যান থ্রি’, ‘সুপারম্যান ফোর’, ‘সুপারগার্ল’, ‘হু ফ্রেমড রজার র্যাবিট’, ‘লিটল শপ অব হররস’, ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘মিশন: ইম্পসিবল’-এর মতো আলোচিত চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।
শুধু বড় পর্দাতেই নয়, ব্রিটিশ টেলিভিশনেও ছিল তার দীর্ঘ উপস্থিতি। ‘ডক্টর হু’, ‘ইস্টএন্ডার্স’, ‘করোনেশন স্ট্রিট’, ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’ ও ‘দ্য বিল’-এর মতো জনপ্রিয় টেলিভিশন প্রযোজনায় অংশ নিয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের নেপথ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টিনা। অস্কারজয়ী অভিনেত্রী হেলেন মিরেন ও মেরিল স্ট্রিপের মতো তারকাদের স্ট্যান্ড-ইন এবং বডি ডাবল হিসেবেও কাজ করেছেন তিনি। চলচ্চিত্রের দৃশ্য প্রস্তুতি, আলোকসজ্জা ও ক্যামেরার অবস্থান নির্ধারণের মতো কাজে স্ট্যান্ড-ইন শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
দীর্ঘ ছয় দশকের কর্মজীবনে মূল চরিত্রের বাইরেও অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার অংশ ছিলেন টিনা সিমন্স। জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজির সাথে তার সম্পৃক্ততা ব্রিটিশ চলচ্চিত্র ও টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ কর্মজীবনের সাক্ষ্য হয়ে থাকবে।


