...|...|...

বিশ্ব

‘ভীরুতার’ দায়ে ডিআর কঙ্গোর ২৭ সেনার মৃত্যুদণ্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, রাত ১০:৫৮
Shares
‘ভীরুতার’ দায়ে ডিআর কঙ্গোর ২৭ সেনার মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে একটি সামরিক আদালত ২৭ জন সেনাকে ‘ভীরুতার’ দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। এএফসি/এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সম্মুখসারির অবস্থান ছেড়ে সরে আসার অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাউথ কিভু প্রদেশের উভিরা শহরের সামরিক আদালতে ২১তম সিম্বা ব্যাটালিয়নের মোট ১১২ জন সেনার বিচার শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর। তাঁদের বিরুদ্ধে আগস্টে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় নির্দেশ অমান্য করা এবং কৌশলগত অবস্থান ছেড়ে চলে যাওয়ার অভিযোগ আনা হয়েছিল।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব সেনাকে উভিরা শহরের ওপর নজর রাখা যায়—এমন মালিম্বা ও মাসাঙ্গুর কৌশলগত উচ্চভূমি রক্ষায় মোতায়েন করা হয়েছিল। তবে ২২ থেকে ২৩ আগস্টের রাতে তাঁরা ওই অবস্থান ত্যাগ করেন বা সঠিকভাবে প্রতিরক্ষা বজায় রাখতে ব্যর্থ হন।

শুক্রবার আদালত ২৭ সেনাকে ‘শত্রুর মুখে ভীরুতা’ দেখানোর দায়ে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় নির্দেশ অমান্যের দায়ে ৫৪ জনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আরও ১০ জনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পর্যাপ্ত প্রমাণ না থাকায় পাঁচ নারীসহ ২১ জনকে খালাস দেওয়া হয়।

এর আগে মে মাসে কঙ্গোর আরেকটি সামরিক আদালত এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারির অবস্থান থেকে সরে যাওয়ার দায়ে ৫৮ সেনাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল।

উভিরা এলাকায় সরকারি বাহিনী ও এএফসি/এম২৩ বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন এই রায় এলো। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এম২৩ বিদ্রোহীরা। গোষ্ঠীটি গোমা ও বুকাবুসহ পূর্ব কঙ্গোর বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। কঙ্গো সরকার, জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো রুয়ান্ডার বিরুদ্ধে এম২৩-কে সহায়তার অভিযোগ করে আসছে, যদিও কিগালি তা অস্বীকার করেছে।