আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পের খেলার মাঠে সমবেত শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেন তিনি।
আবেগঘন কণ্ঠে বক্তব্যের শুরুতে খলিলুর রহমান বলেন, ‘গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন- ‘রোহিঙ্গা’। আদালতের রায় স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা।”
এ সময় বিচার দেখে যেতে পারেননি, এমন নিহত রোহিঙ্গাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
এর আগে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে ক্যাম্পগুলোতে কাজ করার স্মৃতিচারণ করে খলিলুর রহমান বলেন, ‘আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ- আজ বিশ্ব তা শুনেছে।”
তিনি বলেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত। আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
এই আইনি লড়াইয়ে ভূমিকা রাখার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতিও শ্রদ্ধা জানান।
রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় চার দফা আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।
১. জবাবদিহি ও বিচার নিশ্চিত করা: গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।
২. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ, পরিবারগুলোকে একত্র করা এবং নাগরিকত্ব ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি মিয়ানমারে জাতিসংঘের কাজ করার সুযোগ দিতে হবে।
৩. ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা বৃদ্ধি: রোহিঙ্গাদের ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে অপূরণীয় ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে মিয়ানমারকে প্রতিবেদন জমা দিতে হবে। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত ক্যাম্পগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশের একার পক্ষে এ ভার বহন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন।
৪. রায় বাস্তবায়ন ও পুনরাবৃত্তি রোধ: আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আইসিজের রায় মানা বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, রায় বাস্তবায়নে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে।
বক্তব্যের শেষে ১৯৪৮ সালের গণহত্যা সনদের কথা উল্লেখ করে খলিলুর রহমান বলেন, “গতকাল সেই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই। সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র হলো ‘আস্থা পুনরুদ্ধার’। গতকালের রায়ের মাধ্যমে বিশ্ব তোমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তোমাদের নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত আমাদের একসঙ্গে পথ চলতে হবে।”



