...|...|...

বিশ্ব

৭ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব দিল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৪
Shares
৭ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব দিল ইরান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষে একটি নতুন প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পেশ করেছে ইরান। 

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হয়, তবে আগামী সাত দিনের মধ্যেই প্রণালীটি খুলে দেওয়া হবে এবং আলোচনা শুরু হবে।

এর আগে, গত মঙ্গলবার জাপানি বার্তা সংস্থা কিয়োডো এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই প্রস্তাবের খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল। তবে সে সময় ইরানি গণমাধ্যমগুলো কিয়োডোর সেই প্রতিবেদন অস্বীকার করেছিল এবং তেহরানের কর্তাব্যক্তিরাও বিষয়টি নিয়ে সরাসরি কোনো স্পষ্ট অবস্থান জানাননি।

উল্লেখ্য, যুদ্ধ সমাপ্তি এবং প্রণালী পুনরায় চালুর জন্য ইরান এর আগে সাতটি শর্তের কথা উল্লেখ করেছিল। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আরাঘচির পেশ করা সর্বশেষ এই শান্তি পরিকল্পনায় লেবাননসহ মধ্যপ্রাচ্যজুড়ে সব ধরনের শত্রুতা ও সংঘাত সাত দিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি এই প্রস্তাবে অন্তত ১২ বিলিয়ন ডলার মূল্যের অবরুদ্ধ ইরানি সম্পদ অবমুক্ত করা, ইরানি তেলের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। যুদ্ধবিরতির সপ্তম দিনে ইরান হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেবে বলে প্রস্তাব উল্লেখ করা হয়।

আরাঘচি জানান, তিনি এখন এই প্রস্তাবের বিষয়ে মার্কিন সরকারের একটি উত্তরের অপেক্ষায় রয়েছেন। একই সাথে তিনি দাবি করেন যে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

এদিকে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর মুখপাত্র হোসেইন মোহেবি গত মঙ্গলবার এএফপিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান যে ইয়েমেনে শত্রুতা ও সংঘাতের অবসান ঘটানোও তেহরানের অন্যতম প্রধান দাবির অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী পুনরায় সচল করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর উদ্দেশ্যে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ স্বাক্ষর করেছিল। কিন্তু নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়েছে—এমন অভিযোগ তুলে ইরান হরমুজে বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর পর অল্প সময়ের মধ্যেই সেই চুক্তি ভেস্তে যায়।