দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থলের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত এসিল্যান্ডরা রয়েছেন।
প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়।
প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
এ ছাড়া প্রজ্ঞাপনটি পরবর্তী গেজেট সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) হালনাগাদ করার নির্দেশও দেওয়া হয়েছে।
উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মকর্তারা নামজারি, ভূমি রাজস্ব আদায়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। তাদের প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার এ সিদ্ধান্ত পরবর্তী পদায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


