...|...|...

জাতীয়

তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৭:২৬ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৭:৩৯
Shares
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ঢাকাতেও মৃদু কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প সংঘটিত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।

এর মাত্র এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তের ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়। এটিরও মৃদু কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

পরপর তিনটি ভূমিকম্পে রাতের বেলায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।