...|...|...

বিশ্ব

মেক্সিকোতে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘পলো’, সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৪
Shares
মেক্সিকোতে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘পলো’, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় উপকূল অতিক্রম করে উত্তর-পশ্চিম মেক্সিকোর দিকে ধেয়ে আসছে শক্তিশালী ও বিপজ্জনক হারিকেন ‘পলো’। কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৪ এ নেমে এলেও এটি আগামী সোমবার বাজা ক্যালিফোর্নিয়া সুর উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, শনিবার বিকেলে হারিকেন পলো মেক্সিকোর জনপ্রিয় অবকাশকালীন শহর কাবো সান লুকাস থেকে প্রায় ৩৩০ মাইল (৫৩১ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। সে সময় ঝড়ের কেন্দ্রস্থলে সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার)। ঝড়টি বর্তমানে প্রতি ঘণ্টায় ৯ মাইল বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

রয়টার্সের তথ্যমতে, শনিবারের শুরুতে এটিকে ক্যাটাগরি-৫ হিসেবে চিহ্নিত করা হলেও পরে এর তীব্রতা কিছুটা কমিয়ে ক্যাটাগরি-৪ এ নামিয়ে আনা হয়।

বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা ‘অ্যাকিউওয়েদার’-এর তথ্য অনুযায়ী, উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় পলো ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে শেষ পর্যন্ত ক্যাটাগরি-২ হিসেবে বাজা ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে। জনবসতিপূর্ণ বড় শহরগুলোর পরিবর্তে লাস বারানসাসের মতো ছোট ছোট এলাকাগুলোর ওপর দিয়ে এর স্থলভাগে আঘাত হানার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রথমবার আঘাত হানার প্রায় ২৪ ঘণ্টা পর হারিকেনটি মূল ভূখণ্ডের উত্তর-পশ্চিম মেক্সিকো উপকূলে দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে। এর প্রভাবে বাজা ক্যালিফোর্নিয়া সুর, সিনালোয়া, সোনোরা এবং চিহুয়াহুয়া অঞ্চলের কিছু অংশে জীবননাশের ঝুঁকিপূর্ণ আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, হারিকেনের তীব্র বাতাস ও ভারী বৃষ্টির কারণে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে এই সপ্তাহে ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। বেশ কিছু এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, সাময়িকভাবে বন্দর বন্ধ রাখা হয়েছে এবং স্কুলগুলোর পাঠদান বাতিল করা হয়েছে। সান হোসে দেল কাবো অবকাশকালীন শহরে সমুদ্রের উত্তাল ঢেউ ও বিপজ্জনক পরিস্থিতির কারণে শুক্রবার পুলিশ সৈকতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে।

জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, সোমবার বাজা ক্যালিফোর্নিয়ার পুন্তা ইউজিনিয়া থেকে সান্তা ফে পর্যন্ত উপকূলীয় এলাকায় হারিকেন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাজা ক্যালিফোর্নিয়া সুরের বিভিন্ন অংশে এই ঝড়ের কারণে ৪ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, যা প্রাণঘাতী বন্যা এবং পাহাড় ধসের কারণ হতে পারে। এছাড়া এর প্রভাবে বিপজ্জনক উপকূলীয় জোয়ার, তীব্র স্রোত ও উপকূলীয় প্লাবনের আশঙ্কাও রয়েছে।