...|...|...

জাতীয়

৬২ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ২:৪৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, রাত ২:৪৮
Shares
৬২ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

জন্মদিন উপলক্ষে এবার কোনো ধরনের আড়ম্বরপূর্ণ আয়োজন করছে না বিএনপি। কেক কাটা, পোস্টার ও ব্যানার লাগানো কিংবা আলোচনা সভার মতো কোনো কর্মসূচি রাখা হয়নি। গত কয়েক বছর ধরেই দলীয় প্রধানের জন্মদিনে এমন আয়োজন থেকে বিরত রয়েছে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো এবং আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা হবে না। এ উপলক্ষে দলের কোনো কর্মসূচি নেই।

তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে। পরে তিনি সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ১৯৮২ সালে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হলেও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯৩ সালে তিনি বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।

২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সমস্যা, সুশাসন ও জনস্বার্থ নিয়ে কাজ শুরু করেন তিনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণায়ও সক্রিয় ছিলেন। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। এ সময় দল পুনর্গঠন এবং তৃণমূলের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখেন। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করেন।

২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন তারেক রহমান। কারাগারে তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। পরে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেন।

২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। লন্ডনে অবস্থান করেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে নেতৃত্ব দেন তিনি।

২০২৩ সালের ১২ জুলাই সরকারবিরোধী একদফা আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এর একদিন পর ১৩ জুলাই তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন করে দলটি।

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। এর আগে, একই বছরের ১৩ জুন যুক্তরাজ্য সফরকালে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তার বৈঠক হয়।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। এরপর ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হয়। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘদিন দলের নেতৃত্ব দেওয়ার পর এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তারেক রহমান।