...|...|...

বিশ্ব

৬টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে আগ্রহী: পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫১
Shares
৬টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে আগ্রহী: পাকিস্তান

ছবি: সংগৃহীত

সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান ‘প্রতিশ্রুতিবদ্ধ’ বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একই সাথে তিনি জানিয়েছেন, ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-তে যোগ দিতে ছয়টির বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে।

শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পুনব্যক্ত করেন যে, এই চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক প্রকৃতির এবং এটি কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে করা হয়নি।

উল্লেখ্য, ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা শুরু করার ঠিক কয়েক সপ্তাহ আগে গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক যৌথভাবে এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। পরবর্তীতে যার নামকরণ করা হয় ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’। এই চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর আক্রমণ মানেই তিন দেশের সকলের ওপর আক্রমণ বলে গণ্য হবে।

ইসহাক দার জানান, গত ৩১ আগস্ট মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই চুক্তির সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে। তিনি আরও জানান যে, পাকিস্তান লেফট্যানেন্ট জেনারেল (অব.) নোমান মাহমুদকে মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের প্রথম সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেছে। তাকে একজন খুব ভালো ও ধার্মিক কর্মকর্তা বলে বর্ণনা করেন তিনি।

সৌদি আরবের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী সপ্তাহে মক্কা চুক্তির অধীনে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে পাকিস্তানের শীর্ষ এই কূটনীতিক বলেন, সৌদি আরব ইতোমধ্যে ১৭ থেকে ১৮টি হামলার মুখোমুখি হয়েছে। ইসহাক দার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, আমরা সৌদি আরব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি যোগ করেন যে, জাতিসংঘের চার্টারও এ ধরনের জোটকে পদক্ষেপ নেওয়ার অনুমতি দেয়। ন্যাটোও একই নীতিতে পরিচালিত হয় বলে জানান তিনি।

এদিকে, হরমুজ প্রণালী প্রসঙ্গে ইসহাক দার বলেন, এই কৌশলগত জলপথ অতিক্রম করার জন্য কোনো ফি বা সার্ভিস চার্জ থাকা উচিত নয়। তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উভয়েই চেয়েছিলেন বিষয়টি কোনোভাবে শেষ হোক, পাশাপাশি সব পক্ষই তাদের স্বার্থ সর্বাধিক করার চেষ্টা করছে।

আফগানিস্তান সম্পর্কে কথা বলতে গিয়ে ইসহাক দার বলেন, দেশটির জন্য পাকিস্তানের শুভকামনা রয়েছে, তবে কাবুলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন তাদের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত না হয়। তিনি বলেন, [নিষিদ্ধ ঘোষিত] তেহরিক-ই-তালিবান পাকিস্তান, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং ফিতনা আল-হিন্দুস্তানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাদের প্রমাণ করতে হবে।

ইসহাক দার জানান, গত অক্টোবর থেকে আফগানিস্তানের সাথে সীমান্ত বন্ধ রয়েছে এবং পাকিস্তান অবগত আছে যে এর ফলে সেখানে ফসল ধ্বংস হয়েছে।