...|...|...

বিশ্ব

৩০ বছরে প্রথম হামে শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৩
Shares
৩০ বছরে প্রথম হামে শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাবের মধ্যে ৩০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো এ রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজ্যের লুইস কাউন্টিতে চলমান প্রাদুর্ভাবের সঙ্গে শিশুটির মৃত্যুর সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ।

সংবাদমাধ্যম রয়টার্স বলছে, সোমবার (২ নভেম্বর) রাজ্য স্বাস্থ্য বিভাগ জানায়, তিন দশকেরও বেশি সময়ের মধ্যে নিউইয়র্কে হামে মৃত্যুর এটিই প্রথম ঘটনা।

গত মাসে নিউইয়র্ক ও পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যে হাম ছড়িয়ে পড়ার পর গভর্নর ক্যাথি হচুল রাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেন। লুইস কাউন্টিতে জনসচেতনতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি জোরদার করতে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়া অন্য কাউন্টিগুলোকেও সহায়তা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে কয়েক দশকের মধ্যে হামের সবচেয়ে বড় পুনরুত্থানের মধ্যেই শিশুটির মৃত্যুর ঘটনা ঘটল। গত অক্টোবর মাসে গভর্নর হচুল রয়টার্সকে জানিয়েছিলেন, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ফেডারেল সরকারের সহায়তা চাইবে নিউইয়র্ক। তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বিশেষজ্ঞ দল ‘এপি-এইড’-এর মাধ্যমে আনুষ্ঠানিক সহায়তা চাওয়া হয়েছিল কি না, তা তখন নিশ্চিত করেননি তিনি।

২৪ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর নিউইয়র্কে ১৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭০ জন নিউইয়র্ক সিটির বাইরের এবং আটজন শহরটির বাসিন্দা।

রাজ্য স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কাউন্টি স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করে টিকাদান এবং নতুন সংক্রমণ শনাক্তের কাজ চলছে। যারা এখনো টিকা নেননি, তাদের হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন শনাক্ত হওয়া রোগীদের সংক্রমণের উৎস ও বিস্তার নিয়েও তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এক ইমেইল বিবৃতিতে রয়টার্সকে জানিয়েছে, নিউইয়র্কের অনুরোধে সিডিসি মহামারি বিশেষজ্ঞসহ অন্য বিশেষজ্ঞদের মাঠে পাঠিয়েছে। তারা রাজ্য স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে নজরদারি, তথ্য বিশ্লেষণ, কৌশলগত পরিকল্পনা এবং প্রাদুর্ভাব মোকাবিলায় কাজ করছেন।

সিডিসির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রে হামে তিনজনের মৃত্যুর তথ্য রয়েছে। তবে কোন কোন রাজ্যে এসব মৃত্যু হয়েছে, তা সংস্থাটি জানায়নি।

এদিকে, চলতি বছর হামের প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে পেনসিলভানিয়া। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত ১ হাজার ৪৩৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর সংখ্যার হিসাবে সিডিসি ও রাজ্যগুলোর তথ্যের মধ্যে পার্থক্যের কারণ হিসেবে রয়েছে মৃত্যুর তথ্য সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন। মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের অধীনে নীতিগত পরিবর্তনের পর হামজনিত মৃত্যুর হিসাব তৈরিতে সিডিসি এখন রাজ্য স্বাস্থ্য বিভাগগুলোর তথ্যের পরিবর্তে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের মৃত্যুসংক্রান্ত উপাত্ত ব্যবহার করছে।