...|...|...

রাজধানী

২ কেজি গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিনজন গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪
Shares
২ কেজি গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিনজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনার অভিযোগে প্রায় আড়াই কেজি গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)।

ডিএমপির গোয়েন্দা বিভাগ জানায়, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়।

সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়টি সামনে আসার পর গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরে অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানিয়েছেন, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি মেহেরপুরের ছাত্রলীগের এক নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে এই গানপাউডার সংগ্রহ করেছিলেন।

পরবর্তীতে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে তা ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। পুরো প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করেছিলেন বলে জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।