...|...|...

খেলা

২৫ হাজার বোলারকে পেছনে ফেলে ‘বোলার হান্টে’ সেরা ২১ জন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮
Shares
২৫ হাজার বোলারকে পেছনে ফেলে ‘বোলার হান্টে’ সেরা ২১ জন

ছবি: সংগৃহীত

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বোলার হান্ট’ নামের এই কার্যক্রমে অংশ নেন ২৫ হাজারের বেশি বোলার। কয়েক ধাপের যাচাই-বাছাই ও ট্রায়াল শেষে তাদের মধ্য থেকে ২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত এসব বোলারের প্রশিক্ষণ ও ভবিষ্যৎ পরিচর্যার দায়িত্ব নিয়েছে বিসিবি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত বোলারদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। জমকালো এই আয়োজনে ফ্যাশন শোর মাধ্যমে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয় নির্বাচিত ২১ বোলারকে। এ সময় বিশেষভাবে মনোনীত দুই খুদে ক্রিকেটারকেও সম্মাননা দেওয়া হয়।

বিসিবির এই উদ্যোগের প্রাথমিক পর্যায়ে অংশ নেওয়া ২৫ হাজারের বেশি প্রতিযোগীর মধ্য থেকে ১৪৩ জনকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ছিলেন ৫৭ জন পেসার ও ৮৬ জন স্পিনার। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ৪২ জনকে বাছাই করা হয়। কয়েক ধাপের মূল্যায়ন শেষে তাদের মধ্য থেকে ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাছাই কার্যক্রমে বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, মোহাম্মদ সালাউদ্দিন, কোরি কলিমোর ও দিপু রায় চৌধুরী। অভিজ্ঞ কোচ ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়।

নির্বাচিত বোলারদের প্রশিক্ষণ ও পরিচর্যার দায়িত্ব পালন করবে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগ। শুরুতে তাদের মেডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় মূল্যায়ন করা হবে। এরপর যোগ্যতা ও পারফরম্যান্স বিবেচনায় উপযুক্ত বোলারদের মূল হাই পারফরম্যান্স কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, 'আজকের যারা বিজয়ী, বিসিবির পক্ষ থেকে আমি এটাই বলতে চাই যে তাদের দায়িত্ব এখন আমার। তারা আমাদের এইচপি ইউনিটের অধীনে থাকবে। তাদেরকে গ্রুম করা হবে।'

তিনি আরও বলেন, 'আমরা তাদেরকে সঠিক উপায়ে গ্রুম করতে পারি, যাতে তারা বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক বেশি সেবা দিতে পারে। তো এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন যে, আমাদের বিশেষজ্ঞ এবং মেডিকেল টিম কিংবা অন্য যেকোনো ব্যবস্থার মাধ্যমে তাদের খুব ভালোভাবে দেখাশোনা করা হবে এবং আমরা তা নিশ্চিত করব।'

অনুষ্ঠানে নির্বাচিত বোলারদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবির কর্মকর্তারা।