...|...|...

খেলা

মেসির বাঁ পা পেলে অপ্রতিরোধ্য হয়ে উঠতেন কেইন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৭
Shares
মেসির বাঁ পা পেলে অপ্রতিরোধ্য হয়ে উঠতেন কেইন

ছবি: সংগৃহীত

গোলের সহজাত দক্ষতা, দুর্দান্ত পজিশনিং ও নিখুঁত ফিনিশিং সব মিলিয়ে বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইন। নিজের সামর্থ্য নিয়ে সন্তুষ্ট হলেও ফুটবল ইতিহাসের এক কিংবদন্তির বিশেষ দক্ষতা নিজের মধ্যে পাওয়ার ইচ্ছা রয়েছে বায়ার্ন মিউনিখের এই ইংলিশ ফরোয়ার্ডের। সেটি হলো লিওনেল মেসির বাঁ পা। কেইনের বিশ্বাস, মেসির মতো বাঁ পায়ের জাদুকরি নিয়ন্ত্রণ ও দক্ষতা থাকলে মাঠে তাকে আটকানো প্রতিপক্ষের জন্য ভীষণ কঠিন হয়ে পড়ত।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পর নিজের ফুটবলীয় দক্ষতা, ক্যারিয়ারের অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন কেইন। ফুটবল ইতিহাসের অন্য কোনো ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়ের একটি বিশেষ গুণ নিজের করে নেওয়ার সুযোগ পেলে কী বেছে নিতেন এমন প্রশ্নের জবাবে মেসির বাঁ পায়ের কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে কেইনের মন্তব্য প্রকাশ করেছে গোল ডটকম।

এ প্রসঙ্গে কেইন বলেন, ‘এই মুহূর্তে যদি আমার মেসির বাঁ পা থাকত, তাহলে আমাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যেত!’

মেসির বাঁ পায়ের অসাধারণ কার্যকারিতা ফুটবল বিশ্বে দীর্ঘদিনের আলোচনার বিষয়। ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়া, বক্সের বাইরে থেকে নিখুঁত শট নেওয়া কিংবা সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি প্রায় সব ক্ষেত্রেই নিজের বাঁ পায়ের দক্ষতায় আলাদা জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা। সেই বিশেষ সামর্থ্যই নিজের খেলায় যুক্ত করতে চান কেইন।

নিজের বর্তমান পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও উন্নতির সম্ভাবনা দেখছেন ইংল্যান্ড অধিনায়ক। তার মতে, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আগের তুলনায় অনেক বেশি পরিপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং মাঠের পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতা সব দিক থেকেই নিজেকে ভালো অবস্থানে মনে করছেন বায়ার্নের এই গোলমেশিন।

তবে এখানেই থেমে যাওয়ার পরিকল্পনা নেই তার। ফুটবল থেকে বিদায় নেওয়ার আগপর্যন্ত নিজের খেলার বিভিন্ন দিক আরও শাণিত করতে চান কেইন। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘অবশ্যই, উন্নতির অনেক জায়গা রয়েছে। অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত নিজের খেলার বিভিন্ন দিক উন্নত করার চেষ্টা চালিয়ে যাব।’

মাঠে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাতেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে মনে করেন কেইন। ম্যাচের পরিস্থিতি বুঝে সঠিক জায়গায় অবস্থান নেওয়া, প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতা খুঁজে বের করা এবং ডিফেন্ডারদের অবস্থান বদলাতে বাধ্য করার কৌশলে আগের চেয়ে বেশি পারদর্শী হয়েছেন তিনি। একই সাথে গোল করার দক্ষতাও এখন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে বলে মনে করেন এই স্ট্রাইকার।

অনুশীলনেও নিজের অগ্রগতির প্রমাণ পান কেইন। গোল করার নতুন নতুন কৌশল আয়ত্ত করা এবং পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন পরিবর্তনের সক্ষমতা তাকে আরও পরিণত করেছে। তবে ব্যক্তিগত অর্জনে সন্তুষ্ট হয়ে থেমে থাকার বদলে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়াই এখন তার লক্ষ্য।