...|...|...

খেলা

উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রির বিতর্কিত পরিকল্পনার নথি প্রকাশ করছে ফিফা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৩
Shares
উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রির বিতর্কিত পরিকল্পনার নথি প্রকাশ করছে ফিফা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা নিয়ে চাপের মুখে অবস্থান কিছুটা বদলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি এবার কাউন্সিল সদস্যদের পর্যালোচনার সুযোগ দিচ্ছে সংস্থাটি। তবে নির্দিষ্ট শর্ত মেনেই সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে গিয়ে এসব নথি দেখতে পারবেন আগ্রহী সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) এ বিষয়ে ফিফা কাউন্সিল সদস্যদের চিঠি পাঠিয়েছেন সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। ফিফার এই উদ্যোগ সামনে এসেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার দেওয়া দুই সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার দিনে।

গত ১৯ অক্টোবর বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নথি প্রকাশ এবং উত্থাপিত প্রশ্নের জবাব দিতে ফিফাকে সময় বেঁধে দিয়েছিল উয়েফা। সংস্থাটির দাবি ছিল, এফএফই প্রকল্পের বিস্তারিত তথ্য ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

এর আগে জুলাইয়ের শেষ দিকে বিশ্বকাপের স্বত্ব বিক্রি করে ২০ বিলিয়ন ডলার আয়ের একটি পরিকল্পনা সামনে এনেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে প্রস্তাবটি প্রকাশের পর থেকেই উয়েফা, এশীয় ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থা ও ফুটবল ফেডারেশনের বিরোধিতার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত ঘোষণার মাত্র চার দিনের মাথায় পরিকল্পনাটি বাতিলের কথা জানান ইনফান্তিনো।

এফএফই প্রকল্প নিয়ে বিতর্কের জেরে ইনফান্তিনোর পদত্যাগের দাবিও জোরালো হয়। প্রকল্পটি বাতিলের পর কয়েকটি ফুটবল ফেডারেশন ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের দাবি জানায়। সংস্থাটির নেতৃত্ব ও কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে।

গত মাসে ফিফার কাছে পাঠানো চিঠিতে এফএফই প্রকল্প এবং ইনফান্তিনোর উদ্যোগে চালু হওয়া ফিফা পিস প্রাইজসহ বিভিন্ন বিষয়ে শতাধিক প্রশ্নের উত্তর চেয়েছিল উয়েফা। একই সাথে ফিফা সভাপতির নেতৃত্ব ও সংস্থার কার্যক্রম নিয়েও ব্যাখ্যা দাবি করে ইউরোপীয় সংস্থাটি।

তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র দুই সপ্তাহের মধ্যে এতগুলো প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়া কঠিন। সংস্থাটি বর্তমানে আজারবাইজানের বাকুতে নতুন যুব বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আগামী ২৩ নভেম্বর নারী বিশ্বকাপের ২০৩১ ও ২০৩৫ আসরের আয়োজক নির্ধারণে বিশেষ কংগ্রেস আয়োজনের প্রস্তুতিও চলছে। যুক্তরাষ্ট্রে চলমান আইনি কার্যক্রমের কারণেও কিছু বিষয়ে বিস্তারিত তথ্য দিতে সীমাবদ্ধতা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

ফিফা জানিয়েছে, কাউন্সিল সদস্যদের প্রশ্নের উত্তর যথাসময়ে দেওয়া হবে। তবে গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনার সুযোগ আপাতত কেবল কাউন্সিল সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

এদিকে বিতর্কের মধ্যেই ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের সম্ভাবনা জোরালো হচ্ছে। এক সপ্তাহের কিছু বেশি সময় আগে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছেন। এতে ইনফান্তিনোর বিরোধিতায় ইউরোপীয় ফুটবল নেতৃত্বের অবস্থান কিছুটা একা হয়ে পড়েছে।

২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন। ওই নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে ইনফান্তিনোর। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ নভেম্বর।