...|...|...

খেলা

আইপিএলে খেলা নিয়ে আমিরের স্পষ্ট বার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৪
Shares
আইপিএলে খেলা নিয়ে আমিরের স্পষ্ট বার্তা

মোহাম্মদ আমির। ছবি: সংগৃহীত

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নাম নিবন্ধন করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। এরপরই গুঞ্জন ছড়ায়, এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলতে আগ্রহী তিনি। তবে আইপিএলে নাম লেখানোর খবরকে সরাসরি নাকচ করে দিয়েছেন এই বাঁহাতি পেসার।

সোমবার (২ নভেম্বর) এপিএলের খেলোয়াড় ড্রাফটের জন্য নিবন্ধন করেন আমির। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ না থাকায় ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করে সেখানে অংশ নেওয়ার চেষ্টা করছেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়। তবে এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেন আমির।

তিনি লেখেন, ‘সবাইকে হাই জানাচ্ছি, একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। আইপিএল সংক্রান্ত যে খবরগুলো ছড়িয়েছে, সেটা সত্যি নয়।’

স্ত্রী নার্জিস খানের সুবাদে চলতি বছর ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আমির। এর আগে বিদেশি ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েও দল পাননি তিনি। তবে স্থানীয় খেলোয়াড় হিসেবে দল পাওয়ার সুযোগ তৈরি হয় তার সামনে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। ওই সময় ব্রিটিশ নাগরিকত্ব ও ভবিষ্যৎ ক্রিকেট পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন তিনি।

আমির বলেছিলেন, ‘আমি এখন স্থানীয় ব্রিটিশ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় যখন স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে চান, তখন একটি চুক্তি করতে হয় যে আপনি স্থানীয় হিসেবে অন্য কোনো দেশের জন্য খেলতে পারবেন না। তাই আমার যে পাকিস্তান অধ্যায় ছিল, সেটা এখন শেষ।’

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্থানীয় খেলোয়াড় হিসেবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে আমিরের। তবে আইপিএলে খেলার বিষয়ে তার সাম্প্রতিক বক্তব্যে আপাতত সেই সম্ভাবনার গুঞ্জনে ইতি টানলেন পাকিস্তানের সাবেক এই তারকা পেসার।