ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের রায়ের দিন ধার্য করেছেন আদালত। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আগামী ১৯ নভেম্বর রায়ের দিন নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ তারিখ নির্ধারণ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ১৯ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ‘ভিশন ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে জাবেদ তার প্রতিষ্ঠানের কর্মচারীদের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং সেখানে সম্পত্তি কেনেন বলে অভিযোগ করা হয়েছে। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। পরে তদন্ত শেষে গত ৫ জানুয়ারি তিনি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরীকে আসামি করা হয়েছে।
এ ছাড়া ইউসিবিএলের সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীকে আসামি করা হয়েছে।
ব্যাংকটির সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, আবদুর রউফ চৌধুরী, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন ও বজল আহমেদ বাবুল।
অন্যদিকে, আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, এজিএম উৎপল পাল, প্রদীপ কুমার বিশ্বাস, মো. জাহিদ, মো. শহীদ, মো. সুমন, ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।
মামলার প্রাথমিক আসামি ৩১ জনের মধ্যে দুজন মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। তারা হলেন ইউসিবিএলের সাবেক ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আবদুল আউয়াল এবং জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী কাজী মোহাম্মদ দিলদার আলম।
পরে বাকি ২৯ জনের সাথে তদন্তে পাওয়া আরও সাতজনকে যুক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে।


