...|...|...

সারাদেশ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৮
Shares
সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও ৪ জনের  সাক্ষ্য

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হলো।

রবিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে শুনানি শেষে বিচারক সাক্ষ্যগ্রহণ নথিভুক্ত করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোকাররম হোসাইন নিশ্চিত করে জানান, রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে আদালতে চারজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে উপস্থাপন করা হয়েছিল। আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষে আদালত আগামী ৪ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

মামলার বিবরণ ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে আসামিরা যোগসাজশ করে আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে ভুয়া প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’-এর মালিক সাজিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করান। পরে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বেআইনিভাবে বিদেশে পাচার এবং সেখানে স্থাবর সম্পত্তি কেনা হয়।

ঘটনাটি তদন্ত শেষে গত ৫ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকের সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরীসহ ইউসিবি ও আরামিট গ্রুপের শীর্ষ কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। তদন্তকালে আরও সাতজনের অপরাধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় মোট ৩৬ জনকে আসামি করে ৯২ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের মধ্যে ইতোমধ্যে দুজন মারা যাওয়ায় আইনি প্রক্রিয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে।