ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটির সরকারি বাহিনী। এতে অন্তত ১,৫৪০ জন হুথি বিদ্রোহী নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী।
শুক্রবার (২ অক্টোবর) এক সামরিক ব্রিফিংয়ে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলি জানান, হুথিদের বিভিন্ন অবস্থান, গতিবিধি, সেনারিনফোর্সমেন্ট বা অতিরিক্ত সেনা এবং সামরিক সক্ষমতা লক্ষ্য করে যুদ্ধবিমান, ড্রোন, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চারের মাধ্যমে এসব অভিযান চালানো হয়।
আনাদোলু এজেন্সির বরাতে জানা যায়, দক্ষিণ হারধ ও উপকূল থেকে শুরু করে কিতাফ, আল-জউফ, মারিব, আল-বায়দা, লাহেজ, সানা এবং সাদাসহ বিভিন্ন ফ্রন্টে এই অভিযান পরিচালনা করা হয়, যার মধ্যে বিশেষ নজর দেওয়া হয়েছিল তাইজ অঞ্চলের ওপর।
মুখপাত্র আল-নাজিলি জানান, অভিযানে হুথিদের হুমকি সৃষ্টি করার বিভিন্ন উৎস, জমায়েত, রিনফোর্সমেন্ট, কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। তার দাবি, এই অভিযানে ১,৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন, যাদের একটি বড় অংশ তাইজ ফ্রন্টের। এছাড়া এই হামলায় ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
আল-নাজিলি দাবি করেন, সেনাবাহিনীর এসব অভিযানের ফলে তাইজে হুথিদের অগ্রাভিযান সম্পূর্ণ প্রতিহত হয়েছে এবং দলটি মাঠপর্যায়ে কোনো বড় সাফল্য অর্জন করতে পারেনি।


