চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী। তাকে বহনকারী মাইক্রোবাসের পেছনে একটি বাস ধাক্কা দিলে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে মাইক্রোবাসে থাকা আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীসহ তার সফরসঙ্গীদের কেউ আহত হননি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হওয়ার পর বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটি বারইয়ারহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ঢাকাগামী একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা কারও কোনো ধরনের আঘাত লাগেনি।
ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেন। পরে বিষয়টি নিয়ে ফেনীর মহিপালে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে সমঝোতা হয় বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন।
হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী বলেন, আমিরের গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে তারা মহিপালে যান। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে পাঠানো হয়েছে।


