ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, শহীদ ওসমান হাদির কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান, সংগ্রামের আহ্বান এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার প্রতিফলন।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত শহীদ শরীফ ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’-এ প্রকাশিত এক বাণীতে তিনি এসব কথা বলেন।
এস এম ফরহাদ বলেন, ওসমান হাদির বক্তৃতাগুলোতে বারবার অন্যায়, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান উঠে এসেছে। পাশাপাশি জুলাইয়ের সাংস্কৃতিক বয়ান নির্মাণ এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ের কথাও তার বক্তব্যে স্পষ্ট ছিল।
তিনি উল্লেখ করেন, ওসমান হাদি বিশ্বাস করতেন, ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তার বক্তব্যে ছাত্র ও রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি সম্মিলিত আন্দোলনের মাধ্যমে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
ডাকসু জিএস আরও বলেন, শহীদ ওসমান হাদির বক্তৃতা সংকলন শুধু কিছু বক্তব্যের সমাহার নয়, এটি তার চিন্তা, সংগ্রাম ও আদর্শের দলিল। তার উচ্চারিত শব্দগুলো এখনো মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায় এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে।
তিনি বলেন, ওসমান হাদির সংগ্রামী চেতনা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার বক্তব্যে যে প্রতিরোধ, দেশপ্রেম ও পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা সমাজে ন্যায় ও সমৃদ্ধি প্রতিষ্ঠার পথে পথনির্দেশনা দেবে।


