...|...|...

বিনোদন

হাওরের গল্প নিয়ে ফিরছেন রুনা খান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, দুপুর ১:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৩৭
Shares
হাওরের গল্প নিয়ে ফিরছেন রুনা খান

‘জলপবন’ সিনেমায় অভিনেত্রী রুনা খান। ছবি: সংগৃহীত

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর দর্শকের সামনে আরেকটি ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান। তার নতুন সিনেমার নাম ‘জলপবন’। বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।

তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ, যা চলবে পুরো মাস জুড়ে।

সিনেমাটি প্রসঙ্গে রুনা খান জানান, হাওরাঞ্চলের মানুষের জীবন ও প্রতীক্ষার আবহকে ঘিরেই নির্মিত হচ্ছে ‘জলপবন’। এতে তিনি রূপদান করছেন ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্র। চরিত্রটি ভালো লাগার কারণেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানান এই অভিনেত্রী। দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবেন বলেও প্রত্যাশা তার।

এ সিনেমায় রুনা খানের বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। বাকি শিল্পীদের অভিনয় নিয়েও প্রশংসা ঝরেছে তার কণ্ঠে।

এদিকে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি সিনেমা। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’, মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা তিনটি মুক্তির প্রহর গুনছে।