...|...|...

বিশ্ব

হরমুজে মার্কিন পাহারায় থাকা তেলবাহী ৩ সুপারট্যাংকারে ভয়াবহ আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১২
Shares
হরমুজে মার্কিন পাহারায় থাকা তেলবাহী ৩ সুপারট্যাংকারে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর দক্ষিণাংশে নৌমাইনে আঘাত লেগে তিনটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

ইরানি বার্তা সংস্থা ফারসের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, ট্যাংকার তিনটি ‘অননুমোদিত পথে’ চলছিল এবং এ সময় সেগুলোকে মার্কিন যুদ্ধবিমান পাহারা দিচ্ছিল।

আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনটি ট্যাংকারে সম্মিলিতভাবে ৬০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল।

বিবৃতিতে বলা হয়, মাইনে আঘাতের পর ট্যাংকার দুটিতে বিস্ফোরণ ঘটে এবং বর্তমানে সেগুলো হরমুজ প্রণালীর দক্ষিণ উপকূলের কাছে আগুনে জ্বলছে।

পরবর্তী আরেক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, বিস্ফোরণের পর তিনটি সুপারট্যাংকারই পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

একই সাথে হরমুজ প্রণালীতে ‘অননুমোদিত পথ’ ব্যবহার করা কিংবা মার্কিন সামরিক বাহিনীর সাথে সহযোগিতা করা ট্যাংকারগুলোর প্রতি আবারও সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি নৌবাহিনী।

তাদের হুঁশিয়ারি, এমন জাহাজগুলোর বিরুদ্ধে ‘কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে’।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে ট্যাংকারগুলোর পরিচয়, হতাহত কিংবা অন্য কোনো পক্ষের স্বাধীন নিশ্চিতকরণের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।