বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নির্দেশিত পথে জাহাজ চলাচল না করার জন্য সতর্ক করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মার্কিনিদের দেখানো বিকল্প নৌপথগুলো নিরাপদ নয়। এসব পথে চলাচল করলে জাহাজগুলো সামুদ্রিক মাইন, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকিতে পড়তে পারে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেখানো ‘ভুয়া নৌপথের’ প্রচারণায় জাহাজ পরিচালনাকারীদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। বাস্তব পরিস্থিতি বিবেচনায় এসব পথে চলাচল জাহাজ ও নাবিকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
আকরামিনিয়ার দাবি, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে হলে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে ইরানি বাহিনীর নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে।
তবে যুক্তরাষ্ট্রের নির্দেশিত নৌপথে মাইন থাকার বিষয়ে ইরানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ উন্মুক্ত করা হবে না।
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছেন আকরামিনিয়া। তার হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো সামরিক আগ্রাসন বা ভুল পদক্ষেপ নেওয়া হলে ইরান কঠোর জবাব দেবে।
তিনি আরও বলেন, সম্ভাব্য পাল্টা জবাব কেবল মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এল। একই সময়ে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা ও নিরাপত্তাঝুঁকি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।


