...|...|...

বিশ্ব

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের দুটি প্রধান সেতু ক্ষতিগ্রস্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৭
Shares
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের দুটি প্রধান সেতু ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দিনিপ্রো নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো। হামলায় রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় পানি, বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হয়েছে। অন্যদিকে, রাশিয়া ও অধিকৃত ক্রিমিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ কার্চ সেতুতেও ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, সোমবার গভীর রাতে রাশিয়ার হামলায় রাজধানীর উত্তর ও দক্ষিণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রো নদীর ওপর অবস্থিত এই সেতু দুটি শহরের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ক্লিচকো বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী রাজধানীর উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার সময় কিয়েভজুড়ে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে ইউক্রেনের বিমানবাহিনী রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিল। হামলার সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, হামলার কারণে শহরের বিভিন্ন এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও তাপ সরবরাহও ব্যাহত হয়। এ ছাড়া মাটির ওপর দিয়ে চলাচলকারী মেট্রোর কিছু পরিষেবা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দিনিপ্রো নদীর ওপর নির্মিত সেতুগুলো কিয়েভের প্রায় ৩০ লাখ মানুষের যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এসব সেতুতে হামলার ঘটনায় রাজধানীর পরিবহন ও জরুরি পরিষেবা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন, রাশিয়া নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি দেশবাসীকে সোমবার রাত ও মঙ্গলবারজুড়ে বিমান হামলার সতর্কসংকেতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে, কিয়েভে রুশ হামলার মধ্যেই রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে অধিকৃত ক্রিমিয়াকে যুক্ত করা কার্চ সেতুতে নতুন করে হামলার অভিযোগ উঠেছে।

ক্রিমিয়ায় মস্কো-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, মঙ্গলবার ইউক্রেনীয় বাহিনী টানা দ্বিতীয় দিনের মতো সেতুটিতে হামলা চালিয়েছে। নিরাপত্তার কারণে সেখানে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

২০১৪ সালে ক্রিমিয়া দখল ও নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করার পর রাশিয়া এই সেতু নির্মাণ করে। ২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেতুটির উদ্বোধন করেন। সামরিক সরঞ্জাম ও রসদ পরিবহনের জন্যও এটি মস্কোর কাছে গুরুত্বপূর্ণ।

তবে সর্বশেষ হামলায় কার্চ সেতুর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, ইউক্রেনের চেরকাসি অঞ্চলেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

পাল্টাপাল্টি এসব হামলা এমন সময়ে ঘটছে, যখন দীর্ঘদিনের যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং ভবিষ্যৎ শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

জেলেনস্কি বৈঠকটিকে কঠিন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।