...|...|...

বিশ্ব

এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:০১
Shares
এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা

ছবি: সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একের পর এক কৌশলগত অবস্থান হারানোর পর হুথিদের ঠেকাতে সামরিক অভিযান জোরদার করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। চলমান অভিযানে হুথিদের বিভিন্ন অবস্থানে ৬৬১টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১৭৩ হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

সোমবার (১৬ নভেম্বর) ইয়েমেনের সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ অভিযানের আওতায় এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামানের গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি দাবি করেন, হামলায় হুথিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, পর্যবেক্ষণ চৌকি ও বেশ কয়েকটি প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

সামরিক মুখপাত্র আরও জানান, স্থানীয় প্রতিরোধযোদ্ধাদের সংগঠন ‘পপুলার রেজিস্ট্যান্স’-এর সহযোগিতায় তাইজ, মারিব ও আল-জউফ প্রদেশে হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টগুলোতেও সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

তবে এত বড় পরিসরে হামলা ও হতাহতের বিষয়ে ইয়েমেনি সেনাবাহিনীর দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এসব দাবি নিয়ে হুথিদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

এর আগে যুদ্ধক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে সরকারপন্থি বাহিনী। বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল বাব আল-মানদাব প্রণালীর আশপাশের কৌশলগত এলাকা থেকে সেনাদের সরে যাওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরার সাংবাদিক ইউসেফ মাওরির তথ্য অনুযায়ী, লোহিত সাগরের উপকূলে সরকারি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা। এতে বেশ কয়েকটি সামরিক অবস্থান ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে সরকারপন্থি সেনারা। বর্তমানে তাঁরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী আদেন রক্ষায় নতুন করে প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছেন।

এমন পরিস্থিতিতে আদেনের দিকে হুথিদের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এদিকে সামরিক উত্তেজনার মধ্যেই হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার একটি বিল সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ইয়েমেনের পার্লামেন্ট।

সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, নতুন বিলে হুথিদের কর্মকাণ্ড, অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার এবং সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার ব্যবস্থাও রয়েছে।

বেসামরিক নাগরিকদের ওপর হামলা, স্থলমাইন স্থাপন এবং আন্তর্জাতিক নৌ-চলাচলকে লক্ষ্যবস্তু করার মতো অপরাধের জন্যও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বিলটিতে।

তবে বিলটি এখনো আইনে পরিণত হয়নি। কার্যকর করতে এটি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির অনুমোদনের জন্য পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ‘ডন অব ইয়েমেন’ নামে নতুন সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী। এই অভিযানের অন্যতম লক্ষ্য রাজধানী সানাসহ হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পুনরুদ্ধার করা।