আন্তর্জাতিক পরিদর্শকদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার বন্ধ থাকার মধ্যে ইরান কি পারমাণবিক বোমা তৈরির আরও কাছে পৌঁছে গেছে—এ প্রশ্ন এখন নতুন করে জোরালো হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার সম্ভাবনার কথা তোলার পর উদ্বেগ আরও বেড়েছে। একই সময়ে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা আর ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান মজুত যাচাই করতে পারছে না।
তবে পরিদর্শনে এই বিরতির সুযোগ নিয়ে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়েছে—এমন কোনো যাচাইকৃত প্রমাণ এখনও নেই। আইএইএর উদ্বেগ মূলত এই কারণে যে, গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থা তারা নিশ্চিত করতে পারছে না।
সোমবার পরিস্থিতি আরও জটিল হয়, যখন ইরান জানায়—মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত এবং তেহরানের শর্ত পূরণ না হলে জাতিসংঘের পরিদর্শকদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় ঢুকতে দেওয়া হবে না।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হবে না।
তিনি আরও ইঙ্গিত করেন, এসব স্থাপনায় প্রবেশের অনুরোধের পেছনে মার্কিন অস্ত্র কতটা কার্যকরভাবে ইরানি পারমাণবিক স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করেছে, তা যাচাই করার উদ্দেশ্যও থাকতে পারে।
আইএইএ বর্তমানে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করতে পারছে না। ফলে ইরানের পারমাণবিক উপাদান নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর অজানাই থেকে গেছে।
১. ইরান ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কী বলেছে?
ইরানের সাবেক জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা ও দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ জাভাদ লারিজানি রোববার বলেন, তেহরান পারমাণবিক চালনাব্যবস্থার জন্য ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে পারে।
তিনি বলেন, আমাদের এখনও এটির প্রয়োজন আছে এবং প্রপালশন সিস্টেমের জন্য আমরা ৯০ শতাংশ পর্যন্তও যেতে পারি।
একই সাথে তিনি ইরানের বিদ্যমান ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছেড়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেন।
তবে লারিজানি বলেন, এমন প্রযুক্তিগত সক্ষমতা থাকা মানেই পারমাণবিক বোমা তৈরি করা নয়।
তার এই বক্তব্য ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকরণ শুরু করার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।
২. ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমার কতটা কাছাকাছি?
প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রমানের ইউরেনিয়াম হিসেবে বিবেচনা করা হয়।
অধিকাংশ বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। অন্যদিকে ইরান ইতিমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে।
৬০ শতাংশ থেকে ৯০ শতাংশে যেতে প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে ৬০ শতাংশে পৌঁছানোর তুলনায় অনেক কম অতিরিক্ত সমৃদ্ধকরণ কাজ প্রয়োজন হয়।
তবে শুধু অস্ত্রমানের ইউরেনিয়াম থাকলেই একটি কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে যায় না। এর জন্য আরও প্রযুক্তিগত ও প্রকৌশলগত ধাপ প্রয়োজন।
৩. ইরানের ইউরেনিয়ামের মজুত এখন কোথায়?
এটাই এখন সবচেয়ে বড় অজানা প্রশ্ন।
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে আইএইএর হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল।
আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি এর আগে সতর্ক করে বলেছিলেন, এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ এবং অস্ত্রায়িত করা হলে তাত্ত্বিকভাবে ১০টি পর্যন্ত পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় অস্ত্রমানের উপাদান পাওয়া যেতে পারে।
কিন্তু হামলার পর থেকে আইএইএ ওই মজুতের বর্তমান অবস্থান বা অবস্থা যাচাই করতে পারেনি।
ইসফাহানের ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট নিয়েও উদ্বেগ বাড়ছে। সংস্থাটি বলেছে, তারা স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান কিংবা সেখানে কোনো পারমাণবিক উপাদান রয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানে না।
৪. ইরান কেন পরিদর্শন বন্ধ রেখেছে?
তেহরানের বক্তব্য, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নতুন হামলার হুমকি থাকলে স্বাভাবিক পারমাণবিক নজরদারি আবার শুরু করা সম্ভব নয়।
আইএইএর উদ্ধৃত চিঠিপত্রে ইরান অভিযোগ করেছে, ওয়াশিংটন আবারও সামরিক হামলার হুমকি দিচ্ছে।
ইরানি আইনপ্রণেতা ইসমাইল কোসারি রবিবার বলেন, তেহরান পরিদর্শকদের আচরণে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি প্রশ্ন তোলেন, কিছু পরিদর্শক বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন কি না।
অন্যদিকে আইএইএ ইরানকে ধাপে ধাপে পরিদর্শকদের ফিরতে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, যাচাইয়ের এই ঘাটতি দ্রুত সমাধান করা জরুরি।
আইএইএ পরিদর্শকেরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে পেরেছেন। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের প্রবেশাধিকার নেই।
৫. ইরান কি সত্যিই পারমাণবিক বোমার আরও কাছে গেছে?
পরিদর্শন বন্ধ থাকার সময়ে ইরান বাস্তবে পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়েছে—এমন কোনো যাচাইকৃত প্রমাণ এখন পর্যন্ত নেই।
আইএইএর মূল উদ্বেগ হলো, তারা নিশ্চিত করতে পারছে না—ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আগের জায়গায় আছে কি না, আরও সমৃদ্ধকরণ হয়েছে কি না বা পারমাণবিক উপাদানের কোনো অংশ সরিয়ে নেওয়া হয়েছে কি না।
ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, নতুন করে বড় ধরনের হামলা হয়তো প্রয়োজন নাও হতে পারে। তবে তিনি সতর্ক করেছেন, হুমকিস্বরূপ পারমাণবিক তৎপরতা শনাক্ত হলে ওয়াশিংটন ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হলো অনিশ্চয়তা। ইরানের উন্নত পারমাণবিক সক্ষমতা রয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যাচাই করা যাচ্ছে না এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কী ঘটছে, তা পরিদর্শকেরা নিশ্চিত করতে পারছেন না।
এই অনিশ্চয়তা যত দীর্ঘ হবে, বাস্তব পারমাণবিক হুমকি আর কৌশলগত সতর্কবার্তার মধ্যে পার্থক্য করা ততই কঠিন হবে।

