টাইটানিকের প্রথম যাত্রা শুরুর মুহূর্ত সরাসরি দেখার জন্য ব্যবহৃত ১১৪ বছর পুরোনো একটি বিরল টিকিট নিলামে উঠছে। ধারণা করা হচ্ছে, টিকিটটির দাম ৫০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে।
১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল টাইটানিক। সেদিন জাহাজটির যাত্রা দেখতে সেখানে উপস্থিত ছিলেন এলিজা ডিবডেন। তার ১৮ বছর বয়সী ছেলে উইলিয়ামও ওই জাহাজে উঠেছিলেন। কিন্তু সেটিই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেকে বিদায় দেওয়ার সময় ব্যবহৃত এলিজার সেই টিকিটটিই এখন নিলামে তোলা হচ্ছে।
নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন লিমিটেডের অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘এই ধরনের টিকিট এর আগে কখনও নিলামে তোলা হয়নি।’
আগামী শনিবার, ২১ নভেম্বর ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরে টিকিটটি নিলামে উঠবে। নিলামে এর মূল্য সর্বোচ্চ ৫০ হাজার পাউন্ড পর্যন্ত যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কার্ডটিতে হোয়াইট স্টার লাইনের পতাকার চিহ্ন রয়েছে। এটি জাহাজের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তাকে উদ্দেশ করে লেখা হয়েছিল।
টিকিটে লেখা ছিল, ‘মি. ট্যালবট ও তার দুই বন্ধুকে এসএস টাইটানিক দেখার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’
কার্ডটিতে ‘সেকেন্ড ক্লাস’ সিল দেওয়া রয়েছে এবং তারিখ হিসেবে উল্লেখ আছে ১০ এপ্রিল ১৯১২। এর পেছনে হাতে লেখা একটি নোটে লেখা ছিল, ‘মিসেস ডিবডেন ও তার দুই বোন’।
উল্লেখ্য, উইলিয়াম নিউ ফরেস্টের বাসিন্দা ছিলেন। তিনি তার চাচাতো ভাই অ্যামব্রোস হুড এবং আরও কয়েকজন তরুণের সাথে টাইটানিকে যাত্রা করছিলেন।
১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে গেলে উইলিয়ামও প্রাণ হারান। ওই দুর্ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছিল।
উইলিয়ামের লাখ উদ্ধার করা হয়ে থাকলেও সেটি কখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ব্র্যামশোর সেন্ট পিটার্স চার্চে তার মা-বাবার সমাধিফলকে তার স্মৃতি সংরক্ষিত রয়েছে।
নিলামে টিকিটটির সাথে উইলিয়ামের প্রথম কমিউনিয়ন গ্রহণের সনদও তোলা হচ্ছে। ১৯০৮ সালের ইস্টার উৎসবের সময় ওই সনদটি দেওয়া হয়েছিল।
টিকিটটি সম্পর্কে অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘২৫ বছরের মধ্যে এই ধরনের কার্ড এটিই প্রথম আমাদের চোখে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নিলামে ওঠা টাইটানিক-সংশ্লিষ্ট স্মারকগুলোর মধ্যে এটি অন্যতম বিরল।’
নিলামের এই প্যাকেজে টাইটানিকের জাহাজের কাঠামোর বিমা-সংক্রান্ত একটি হিসাবের খাতাও রয়েছে।
এ ছাড়া জাহাজটির জ্যেষ্ঠ বেতার অপারেটর প্রথম যাত্রার কয়েক দিন আগে তার বোনকে যে বিরল পোস্টকার্ডটি লিখেছিলেন, সেটিও নিলামে তোলা হবে।


