হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপের দক্ষিণে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে আইআরজিসির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
আইআরজিসি বলেছে, ড্রোনটি এমকিউএম-১৭০ মডেলের। তাদের দাবি, এ নিয়ে তারা যুক্তরাষ্ট্রের নবম ড্রোন নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
এর এক দিন আগে ইরানি সেনাবাহিনী জানিয়েছিল, দেশীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালীর আকাশে একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানায় আনাদোলু এজেন্সি।
একই দিন আরও আগে আইআরজিসির নৌবাহিনী দাবি করে, কেশম দ্বীপের দক্ষিণে একটি ইলেকট্রনিক যুদ্ধ অভিযানের সময় তারা একটি এমকিউএম-১৭০ ড্রোন অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তাদের বাহিনী ড্রোনটির গাইডেন্স সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে জোর করে অবতরণ করায়।
ইরানি পক্ষের দাবি, ড্রোনটি ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।
এরপর জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং আলোচনা শুরু করে।
তবে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল কীভাবে নিশ্চিত করা হবে—এ নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী সময়ে সেই আলোচনা থমকে যায়।


