...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩১
Shares
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

বিদেশি কর্মীদের জন্য নিয়োগদাতার স্পনসরশিপে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন করার উদ্যোগ নিয়েছে দেশটির শ্রম দপ্তর। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন নাগরিকদের খুঁজে বের করতে নিয়োগদাতাদের আরও কঠোর যাচাই-বাছাই করতে হবে। চাকরির বিজ্ঞাপন প্রকাশ, নির্দিষ্ট সময় বিজ্ঞপ্তি বহাল রাখা এবং স্থানীয় কর্মীদের নিয়োগের চেষ্টা করার প্রমাণ দেওয়ার মতো নতুন শর্ত যুক্ত হতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর এ সংক্রান্ত বিধিমালা পরিবর্তনের প্রস্তাব প্রকাশ করেছে। প্রস্তাব অনুযায়ী, বিদেশি কর্মীদের জন্য স্পনসরশিপের আবেদন করার আগে নিয়োগদাতাদের মার্কিন কর্মীদের নিয়োগের বিষয়ে আরও বিস্তৃত প্রচেষ্টা চালাতে হবে।

প্রস্তাবিত নিয়মে চাকরির বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশের পাশাপাশি অন্তত ৯০ দিন তা বহাল রাখার কথা বলা হয়েছে। একই সাথে যোগ্য মার্কিন কর্মীদের নিয়োগের জন্য আন্তরিক চেষ্টা চালানোর প্রমাণও দিতে হবে নিয়োগদাতাদের। অর্থাৎ, স্থানীয় কর্মীদের সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত না করে বিদেশি কর্মীদের জন্য গ্রিন কার্ড স্পনসর করা আগের তুলনায় কঠিন হয়ে উঠতে পারে।

শ্রম দপ্তরের ভাষ্য, এই পরিবর্তনের মূল লক্ষ্য উচ্চ দক্ষতাসম্পন্ন ও বেশি বেতনের চাকরিতে মার্কিন কর্মীদের অগ্রাধিকার নিশ্চিত করা। সোমবার প্রস্তাবটি প্রকাশ করে দপ্তরটি জানিয়েছে, এর মাধ্যমে স্থানীয় কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ও অধিকার আরও সুরক্ষিত হবে।

এ বিষয়ে মার্কিন শ্রমমন্ত্রী কিথ সন্ডারল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন কর্মীরা বিশ্বের সেরা। চাকরির ক্ষেত্রে প্রথম ও সেরা সুযোগগুলো পাওয়ার অধিকার তাদেরই। কিন্তু বিদ্যমান নিয়মের সুযোগ নিয়ে প্রতিষ্ঠানগুলো মার্কিন কর্মীদের আগে বিবেচনা না করেই বিদেশি কর্মীদের জন্য গ্রিন কার্ড স্পনসর করতে পারছে।’

তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত এই পরিবর্তনের ফলে উচ্চ দক্ষতা ও বেশি বেতনের চাকরির সুযোগের ক্ষেত্রে বিদেশি কর্মীদের আগে মার্কিন কর্মীরা অগ্রাধিকার পাবেন।’

মার্কিন শ্রম দপ্তর জানিয়েছে, স্থায়ী শ্রমিক সনদ কর্মসূচি (পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম) চালুর পর প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো এ খাতের বিধিবিধানে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে নিয়োগদাতাদের স্পনসরশিপে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে আগ্রহী বিদেশি কর্মীদের জন্য প্রক্রিয়াটি আরও প্রতিযোগিতামূলক ও সময়সাপেক্ষ হয়ে উঠতে পারে।