হরমুজ প্রণালী ও উপসাগরীয় এলাকায় যুদ্ধ চলাকালে জব্দ করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে ইরান।
সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর বলছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরান জানিয়েছে, এসব জাহাজ বিক্রি করে পাওয়া অর্থ সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় ব্যয় করা হবে।
ইরানের বার্তাসংস্থা মিজান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বিচার বিভাগের আওতাধীন ‘সেন্টার ফর লয়ার্স’-এর প্রধান হাসান আবদোলিয়ানপুর জানিয়েছেন, আদালতের নির্দেশে হরমুজ প্রণালী ও উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছিল।
তিনি বলেন, “এই জাহাজগুলো বিক্রির অর্থ সাম্প্রতিক যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর সহায়তায় ব্যয় করা হবে।”
আবদোলিয়ানপুর আরও জানান, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ এবং এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিশেষজ্ঞরা কাজ শুরু করেছেন।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানের পক্ষ থেকে বলা হয়, ওই অভিযানে ব্যাপক প্রাণহানি ঘটে। এর জবাবে ইরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়।


