...|...|...

আইন ও আদালত

হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৮
Shares
হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানির সময় বেলা আড়াইটার দিকে সাঈদ খোকনকে আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে কারণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষও রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে। পরে শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন ২০২৪ সালের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।