...|...|...

আইন ও আদালত

বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য, ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৪
Shares
বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য, ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করেছেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সোমবার (২৩ নভেম্বর) এ নির্দেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ। শুনানিতে তিনি দাবি করেন, গত ২৮ অক্টোবর রাজনৈতিক একটি সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও ভুক্তভোগীদের নিয়ে কথা বলেছিলেন। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’, এমন কোনো বক্তব্য তিনি দেননি। গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে এসেছে।

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে লক্ষ্য করে নয়, বরং পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং দুর্নীতি প্রসঙ্গে টিআইবির একটি প্রতিবেদন উদ্ধৃত করেছিলেন বলেও জানান তিনি।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’, এ ধরনের বক্তব্য গুরুতর অপরাধ।

আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে উল্লেখ করে বিচারকরা বলেন, আদালত অবমাননা করলে কারাগারে যেতে হয়। একজন আইনজীবী ও ব্যারিস্টার হিসেবে ফুয়াদের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ, একজন ব্যক্তির একটি বক্তব্যের কারণে কোনো প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাই ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে সতর্ক থাকতে হবে।

জবাবে নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আশ্বাস দেন তিনি। একই সাথে বিচারব্যবস্থাকে প্রয়োজনীয় সহায়তা করার কথাও জানান।

শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, ‘ফুয়াদ ট্রাইব্যুনালে জানিয়েছেন, তার বক্তব্যের মাধ্যমে এই ট্রাইব্যুনাল বা এর বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি জুলাই গণঅভ্যুত্থান এবং গত ১৫ বছরে সংঘটিত গুম-খুনের বিচারের পক্ষে। ভবিষ্যতে ট্রাইব্যুনালের বিচারকাজে প্রয়োজনীয় সহায়তা করবেন বলেও জানিয়েছেন।’

তামিম বলেন, ‘ট্রাইব্যুনাল ফুয়াদকে ভবিষ্যতে বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কোনো বক্তব্য না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। একটি প্রতিষ্ঠান গড়ে তোলা কঠিন, কিন্তু একটি বক্তব্যের মাধ্যমে সেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নষ্ট করা সহজ। ফুয়াদের মতো একজন ব্যক্তির বক্তব্যেও প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থায় প্রভাব পড়তে পারে বলে ট্রাইব্যুনাল মন্তব্য করেছেন।’

আদালত অবমাননার ঘটনায় ট্রাইব্যুনালের ভূমিকা নিয়ে ‘পিক অ্যান্ড চুজ’ বা বাছাই করে ব্যবস্থা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর তামিম বলেন, ‘ট্রাইব্যুনাল এ ক্ষেত্রে কাউকে বেছে বেছে তলব করছেন না। এর আগে কয়েকজন আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে। তাদের কেউ ব্যাখ্যা দিয়েছেন, কেউ ক্ষমা চেয়েছেন। এখন পর্যন্ত পুনর্গঠিত ট্রাইব্যুনাল কাউকে এ ঘটনায় শাস্তি দেননি। ফুয়াদকেও ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে তলব করেছেন।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের একজন অংশীজনের বক্তব্যেও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় ট্রাইব্যুনাল বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন।’

এর আগে, গত ৪ নভেম্বর আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ফুয়াদকে সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে আরও সময় চান তার আইনজীবীরা। পরে ২৩ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়।

গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে ফুয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল-১। একই সাথে তাকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার একপর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সেখানে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেছিলেন। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়।