জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে এমআইএসটির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালত আগামী ১৫ ডিসেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
মামলার ১৯ আসামির মধ্যে ৬ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন এবং বাকি ১৩ জন পলাতক। আসামিরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহমেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান এবং শরীফ আশরাফুল আলম বাবুল।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালান পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে আসহাবুল ইয়ামিনকে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুর দেড়টার দিকে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়; এতে তার বুকে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।
পরে মুমূর্ষু অবস্থায় ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে তুলে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখাতে গাড়িটি এপাশ-ওপাশ প্রদক্ষিণ করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে প্রায় নিথর অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হয় এবং সাঁজোয়া যানের ভেতর থেকে এক পুলিশ সদস্যকে বের করে তার পায়ে আবারও গুলি করার নির্দেশ দেওয়া হয়।
তবে ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার এক প্রান্ত থেকে টেনে নিয়ে সড়ক বিভাজকের পাশে ফেলে রাখেন। সে সময়ও গুলিবিদ্ধ ইয়ামিনকে নিশ্বাস নিতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহত আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

